মো. নূর নবী শেখ
সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল ২০২৬ বাস্তবায়নের প্রক্রিয়ায় এবার বড় পরিবর্তন আসছে বেতন নির্ধারণে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে আইবাস প্লাস প্লাস-এ চাকরির তথ্য হালনাগাদ করলেই সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে নতুন স্কেল অনুযায়ী মূল বেতন ও প্রযোজ্য ভাতা নির্ধারণ করবে।
নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। ভেটিং শেষ হলে গেজেট প্রকাশ করা হবে। এরপর সাতটি পৃথক এসআরও (Statutory Regulatory Order) জারির মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাস্তবায়নের বিস্তারিত বিধান কার্যকর হবে।
আইবাসে যেসব তথ্য হালনাগাদ করতে হবে
নতুন পে স্কেলের আওতায় প্রত্যেক সরকারি কর্মকর্তা-কর্মচারীকে iBAS++-এ চাকরিসংক্রান্ত তথ্য হালনাগাদ করতে হবে। এর মধ্যে রয়েছে—
*বর্তমান পদ
*বেতন গ্রেড
*চাকরিতে যোগদানের তারিখ
*বার্ষিক ইনক্রিমেন্টের তথ্য
*পদোন্নতির তথ্য
*উচ্চতর গ্রেডসংক্রান্ত তথ্য
এসব তথ্য যাচাই-বাছাই শেষে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে নতুন পে স্কেল অনুযায়ী মূল বেতন ও প্রযোজ্য ভাতা নির্ধারণ করবে। ফলে আগের মতো বারবার কাগজপত্রের মাধ্যমে বেতন পুনর্নির্ধারণের প্রয়োজন অনেকটাই কমে যাবে।
সাতটি পৃথক এসআরওতে হবে বাস্তবায়ন
বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের কাঠামোগত পার্থক্যের কারণে পৃথক সাতটি এসআরও জারি করা হবে। এগুলো হলো—
*বেসামরিক প্রশাসন
*পুলিশ বিভাগ
*বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
*সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
*স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
*সশস্ত্র বাহিনী
*বিচার বিভাগ
এসব এসআরওতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা বাস্তবায়নের বিস্তারিত নির্দেশনা থাকবে।
কমবে ভুল ও অতিরিক্ত অর্থ পরিশোধের ঝুঁকি
নতুন ব্যবস্থায় তথ্যনির্ভর ও স্বয়ংক্রিয় বেতন নির্ধারণ চালু হওয়ায় হিসাবরক্ষণ কার্যালয়ে গিয়ে বেতন পুনর্নির্ধারণের প্রয়োজন কমবে। পাশাপাশি হিসাবের ভুল, একই সুবিধা একাধিকবার পাওয়ার সুযোগ এবং অতিরিক্ত অর্থ পরিশোধের ঝুঁকিও কমবে বলে আশা করছে সরকার।
তবে নতুন পে স্কেল কার্যকর হলেও বেতন বিল, জিপিএফ, সরকারি ঋণ, আয়কর হিসাব এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)-এর মাধ্যমে বেতন ও পেনশন পরিশোধের বিদ্যমান ব্যবস্থা আইবাস প্লাস প্লাস-এর আওতায় আগের মতোই বহাল থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com