নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কিশোরগঞ্জের তাড়াইলে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে এবং তাড়াইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় কাজলা উচ্চ বিদ্যালয় ও ধলা বহুমুখী আলিম মাদ্রাসায় পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ‘সততা স্টোর’ উদ্বোধনের পাশাপাশি আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বেলা ১১টায় ধলা বহুমুখী আলিম মাদ্রাসা মিলনায়তনে এবং দুপুর ১টায় কাজলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমরুল হাসান দোলনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ ও উপসহকারী পরিচালক সালেহ আহমেদ।
ধলা বহুমুখী আলিম মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবদুল হান্নান।
অন্যদিকে কাজলা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নজরুল হক, দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.মাইনুজ্জামান নবাব ও প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানজিলা আখতার বলেন, আমাদের দায়িত্ব হলো দুর্নীতিবিরোধী সচেতনতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া। শিক্ষার্থীদের বাল্যকাল থেকেই সততা, সততা স্টোরের সঠিক ব্যবহার এবং দুর্নীতিবিরোধী মূল্যবোধে গড়ে তুলতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতার চর্চা গড়ে উঠলে তারা ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com