মো. নূর নবী শেখ
কুমিল্লায় ১৩ বছর বয়সী শিশু অপ্রতিম হত্যার ঘটনায় নিরাপত্তাহীনতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
সাদিক কায়েম বলেন, ‘কুমিল্লায় ১৩ বছর বয়সী নিখোঁজ শিশু অপ্রতিমের পড়ে থাকা লাশ দেখে যে কোনো বিবেকবান মানুষই বাকরুদ্ধ হয়ে পড়বেন। কিন্তু দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আমাদের মহামন্ত্রীর বিবেককে কি এসব ঘটনা আদৌ নাড়া দেয় ‘
স্বরাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে ডাকসু ভিপি বলেন, ‘তিনি হয়তো এখন ব্যস্ত প্রধানমন্ত্রীর হয়ে কোনো দায়িত্ব সামলাতে, কিংবা অন্য কোনো মন্ত্রণালয়ের কাজে অযাচিত খবরদারি করতে। হয়তো তিনি এখন ব্যস্ত নিজের ছেলে ও আত্মীয়স্বজনদের কীভাবে কোনো অভিজ্ঞতা ছাড়াই বড় বড় সরকারি প্রকল্পের দায়িত্ব দেওয়া যায়, কিংবা লাভজনক সরকারি পদে বসানো যায়, সেই চিন্তায়।’
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক খুন ও ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে বলে অভিযোগ করে সাদিক কায়েম আরও বলেন, ‘নারী, শিশু, বৃদ্ধ কেউই যেন নিরাপদ নয়। আজকেও মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর লাশ উদ্ধার হয়েছে। নিঃসন্দেহে সালাহউদ্দিন আহমদ এই ব্যর্থ সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রী।’
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com