মো. নূর নবী শেখ
রিয়্যালিটি শোতে অংশ নেওয়ার বিষয়ে শুরু থেকেই খুব একটা আগ্রহী ছিলেন না বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তাই ‘বিগ বস’-এ অংশ নেওয়ার প্রস্তাব পেলেও প্রথমে তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ‘বিগ বস ৯’-এর মঞ্চে দেখা যায় তাকে। সম্প্রতি এক পডকাস্টে সেই সময়ের গল্পই জানিয়েছেন নোরা।
‘Untriggered’ পডকাস্টে নোরা জানান, ‘বিগ বস’-এ যোগ দেওয়ার সময় শুধু রিয়্যালিটি শোতে অংশ নেওয়ার বিষয়টি তার বিবেচনায় ছিল না। এর আগে কয়েকটি গানের কাজ করেও পারিশ্রমিক নিয়ে সমস্যায় পড়েছিলেন তিনি। কাজ শেষ হওয়ার পরও দীর্ঘ সময় ধরে প্রাপ্য অর্থ হাতে না পাওয়ায় প্রযোজকদের সঙ্গে তার টানাপোড়েন চলছিল।
নোরার বলেন, কোনো কোনো ক্ষেত্রে প্রযোজকেরা হয়তো তার এজেন্সিকে অর্থ পরিশোধ করেছিলেন, কিন্তু সেই টাকা তার কাছে পৌঁছাতে দেরি হচ্ছিল। পারিশ্রমিকের জন্য তাকে বারবার যোগাযোগ করতে হচ্ছিল। এমন পরিস্থিতির মধ্যেই তার কাছে আসে ‘বিগ বস’-এর প্রস্তাব।
শোয়ের নির্মাতারা যখন নোরাকে পারিশ্রমিকের অঙ্ক জানান, তখন বিষয়টি নতুন করে ভাবতে শুরু করেন তিনি। অর্থনৈতিক দিকটি তার সিদ্ধান্ত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষ পর্যন্ত প্রস্তাবটি গ্রহণ করেন নোরা।
তবে শুধু পারিশ্রমিকই নয়, ‘বিগ বস’-কে নিজের ক্যারিয়ারের জন্যও একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হিসেবে দেখেছিলেন তিনি। তার ধারণা ছিল, এই শোর মাধ্যমে খুব অল্প সময়ে বিপুলসংখ্যক দর্শকের কাছে পৌঁছানো সম্ভব।
বিশেষ করে ‘ওয়াইল্ড কার্ড’ হিসেবে শোতে প্রবেশ করায় দীর্ঘদিন সেখানে থাকার সম্ভাবনা ছিল না। তাই সীমিত সময়ের এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের পরিচিতি বাড়ানো এবং ক্যারিয়ারের নতুন সম্ভাবনার দরজা খুলতে চেয়েছিলেন নোরা।
শেষ পর্যন্ত ‘বিগ বস’-এ তার উপস্থিতি দর্শকদের মধ্যে বেশ আলোচনার জন্ম দেয়। সেই অভিজ্ঞতাই এখন অতীতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে তুলে ধরেছেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com