২২ সেপ্টেম্বর ২০২৬
preview
বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: জয়সওয়াল

মো. নূর নবী শেখ

ভারত প্রতিবেশী বাংলাদেশের সাথে একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক রাখতে আগ্রহী। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও দ্বিপাক্ষিক সম্পর্ক সঠিক লাইনে ফিরে আসছে কিনা এমন এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেছেন।

তিনি বলেন, “ভারত-বাংলাদেশ সম্পর্কের গতিপথ নিয়ে আমরা অতীতেও বলেছি যে, বাংলাদেশের সাথে ভারত একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক রাখতে আগ্রহী। আমাদের কাছে বর্তমানে বিদ্যমান সুনির্দিষ্ট কাঠামোগত ব্যবস্থার মাধ্যমেই আমরা সমস্ত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। সুতরাং এটাই আমাদের উদ্দেশ্য। আমরা এই সম্পর্ককে একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী উপায়ে এগিয়ে নিয়ে যেতে চাই।”

এসময় নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগ, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর, ও ভারত বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে জয়সওয়াল বলেন, “আমি বলতে চাই যে, এই বিষয়ে যদি বা যখন আমার কাছে কিছু বা কোনো বক্তব্য থাকবে, আমি পুনরায় আপনার কাছে ফিরে আসব।”

জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের সাথে কোনো বৈঠক করবেন কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “সেই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই, তবে এ ধরনের কোনো অগ্রগতি হলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে রাখব।”

ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকেও আসন্ন বহুপাক্ষিক অনুশীলন ‘তরঙ্গ শক্তি’ নিয়ে একটি ব্রিফিং দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে বাংলাদেশ সেই অনুশীলনে তাদের সি-১৩০জে বিমান পাঠাচ্ছে।

এমন অবস্থায় ঢাকার সাথে ভারতের সম্পর্ক প্রকৃতপক্ষে আরো উন্নত হচ্ছে কিনা বা বিষয়টাকে কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, “আমি আপনাকে যেমনটা বলেছি, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কের বিষয়ে আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি কী তা প্রকাশ করেছি। আমরা বাংলাদেশের সাথে একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক রাখতে চাই; সেটাই আমাদের মূল ইচ্ছা এবং উদ্দেশ্য।”


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com