২৩ সেপ্টেম্বর ২০২৬
preview
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মো. নূর নবী শেখ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লসনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাতগাঁও হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লসনা এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় সাতগাঁও হাইওয়ে থানা-পুলিশ। পরে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে এসআই মোমিনুল ইসলাম বলেন, ‘বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত হওয়া যায়নি। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।’

তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com