মো. নূর নবী শেখ
ধনবাড়ী টাঙ্গাইলের ধনবাড়ীতে এক বৃদ্ধকে ভুয়া দলিল তৈরি চক্রের খপ্পরে ফেলে অর্থ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দক্ষিণ ভাতকুড়া গ্রামের মোঃ রবিউল ইসলাম (৫৪) বাদী হয়ে ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের একটি চক্র তার অজান্তে ১০০ টাকার স্ট্যাম্পে একটি ভুয়া দলিল তৈরি করে। ওই দলিলে তার স্বাক্ষর জাল করা হয়েছে বলে তিনি দাবি করেন। পরবর্তীতে ওই ভুয়া দলিল দেখিয়ে তার কাছে ২ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা না দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগে অভিযুক্ত করা হয়েছে একই গ্রামের
মোঃ আনিছুর রহমান (৪৫), মোঃ হারুন (৪০) ও মোঃ বেলাল হোসেনকে (৫০)। এ বিষয়ে ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, "আমি গরিব মানুষ, কোনো দলিলে সই দেইনি। তারা জাল দলিল বানিয়ে আমাকে হয়রানি করছে।" এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আনিছুর রহমান মুঠোফোনে অভিযোগ অস্বীকার করেন।
দলিল লেখক মোঃ আজহারুল ইসলাম জানান, আনিছুর রহমান স্বাক্ষর করা স্ট্যাম্প নিয়ে এসে বলেন রবিউল অসুস্থ, তাই দলিল করে দিতে। তার কথায় বিশ্বাস করে তিনি দলিলটি লিখে দেন। ধনবাড়ী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের তদন্ত চলছে, সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com