মো. নূর নবী শেখ
দর্শকদের মন জয় করে টালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। সাবলীল অভিনয় ও বৈচিত্র্যময় চরিত্রে কাজের সুবাদে তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন।
পেশাগত ক্যারিয়ারের লম্বা পথ পেরিয়ে এসে ব্যক্তিজীবন ও অভিনয় নিয়ে তার ভাবনাগুলো বরাবরই আলাদা এক মাত্রা যোগ করে ভক্তদের মনে। সামনেই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘অটবি’। ছবির প্রচারের শেষ মুহূর্তের ব্যস্ততা আর নানা জল্পনা-কল্পনার মাঝেই নিজের নতুন চরিত্র, সমসাময়িক কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আড্ডায় মেতেছেন এই তারকা। দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা ও জীবনের নতুন ভাবনার কথাগুলো উঠে এসেছে তার কথায়।
‘অটবি’ সিনেমায় আগের চেনা রূপের বাইরে সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। চরিত্রটির মনস্তাত্ত্বিক দিক তাকে প্রথম থেকেই আকর্ষণ করেছিল বলে জানান তিনি। মধুমিতা বলেন, কোনো পরিচালক তাকে এমন একটি চরিত্রে দেখার কথা কল্পনা করেছেন, সেটাই তার কাছে সবচেয়ে বড় বিষয়। কারণ অভিনেত্রী হিসেবে তিনি এক জায়গায় আটকে থাকতে চান না।
একটা সময়ে প্রচুর কাজ করলেও এখন বেছে কাজ করার কারণ হিসেবে তিনি জানান, তখন ব্যক্তিগত জীবনের জন্য কোনো সময় থাকত না। বাবা-মা সবসময়ই তার কাছে খুব গুরুত্বপূর্ণ। বয়সের সঙ্গে মানুষের অগ্রাধিকার বদলায় উল্লেখ করে তিনি বলেন, জীবনে শুধু কাজ করলেই চলে না, প্রিয়জনদের সময় দেওয়াও জরুরি।
পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার পক্ষে মত দিয়ে মধুমিতা জানান, পেশাকে ভালোবাসার পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও তিনি সমান গুরুত্ব দেন। তার মতে, শুধু পেশায় সাফল্যই সব নয়; মানুষ হিসেবে পরিবার, সম্পর্ক ও কাছের মানুষগুলোকে সময় দেওয়া সমানভাবে দরকার। এছাড়া যেকোনো সম্পর্কে বোঝাপড়া বা কম্প্যাটিবিলিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। দুজনের মতামত আলাদা হতেই পারে, তবে মৌলিক জায়গাগুলোয় মিল থাকা জরুরি।
নতুন ছবির চরিত্রের চ্যালেঞ্জ প্রসঙ্গে অভিনেত্রী জানান, চরিত্রের মনস্তত্ত্ব ফুটিয়ে তোলাই ছিল আসল কাজ। অনেক জায়গায় চোখের সঙ্গে মুখের অভিব্যক্তিতে অমিল রাখতে হয়েছে। চরিত্রটি স্বাভাবিক না হওয়ায় শরীরী ভাষা ও চোখের দৃষ্টির দিকে আলাদা করে নজর দিতে হয়েছে। পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার কথা জানান তিনি।
দীর্ঘ ১৭ থেকে ১৮ বছরের ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসাকেই সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন এই অভিনেত্রী। তিনি বলেন, কাজের ফাঁকে আড়ালে গেলে আজও দর্শক খোঁজ নেন, যা তার কাছে অনেক বড় পাওয়া। ভালোবাসার পাশাপাশি কাজের সমালোচনাও শুনতে চান মধুমিতা। ভুল করলে দর্শক যেন তার সমালোচনা করেন এবং কাজ নিয়ে ভাবেন, সেটাই তার কাম্য।
সূত্র: এই সময়
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com