৩ অক্টোবর ২০২৬
preview
থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার আরও ২ চোর

মো. নূর নবী শেখ

বগুড়ার ধুনটে চুরির মামলায় গ্রেপ্তার আটজনের সাথে দেখা করতে থানায় এসে আরও দুজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার দুজন হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার দুলারামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোহাম্মাদ মোস্তফা (৪০) এবং কেমতলী গ্রামের ধনু চৌধুরীর ছেলে বাবুল চৌধুরী (৪৮)।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ধুনট উপজেলা সদরের ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় ‘মাসুদ টেলিকম’ নামের একটি দোকানে চুরি হয়। ঘটনার প্রায় তিন ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

এ ঘটনায় দোকান মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তার আটজন হলেন চট্টগ্রামের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪), নরসিংদীর ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)।

পুলিশের দাবি, গ্রেপ্তার আটজন আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা বর্তমানে পুলিশ রিমান্ডে থানার হেফাজতে রয়েছেন।

পুলিশের ভাষ্য, ওই আটজনের সঙ্গে দেখা করতে গত ৩০ সেপ্টেম্বর রাতে ধুনট থানায় আসেন মোস্তফা ও বাবুল। তাদের থানায় আসার বিষয়টি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি আতিকুল ইসলাম বলেন, মোস্তফা ও বাবুলের সঙ্গে আগে গ্রেপ্তার হওয়া আটজনের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে তাদের ৫১ ধারায় কারাগারে পাঠানো হয়েছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com