মো. নূর নবী শেখ
বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কারণে ক্ষোভ থেকেই বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ শনিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, একজন প্রবীণ নাগরিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হিসেবে মেজর (অব.) আখতারুজ্জামান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অদক্ষতা নিয়ে কথা বলতে পারেন। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমালোচনাও করতে পারেন। কিন্তু বিমানবন্দরের একটি ঘটনাকে কেন্দ্র করে তাঁকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তার দাবি, এর মাধ্যমে সরকার রাজনৈতিক প্রতিহিংসা ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
জামায়াতের এই নেতা বলেন, বিএনপির নেতারা রাজপথের কর্মসূচিতে অনুপস্থিত থাকলেও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আন্দোলনে জীবন দিয়েছেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার মাধ্যমে সরকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা না বলার বার্তা দিচ্ছে।
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি কামাল হোসেন এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম।
সমাবেশ শেষে আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করেন জামায়াতের নেতা-কর্মীরা। মিছিলটি পল্টন মোড় ও প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com