৫ অক্টোবর ২০২৬
preview
বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০১ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

মো. নূর নবী শেখ

আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।

সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য—‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’। ১৯৬৬ সালে শিক্ষকতার মর্যাদা ও অধিকার নিয়ে আইএলও-ইউনেসকোর সুপারিশ গ্রহণের ৬০ বছর পূর্তি উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন এবং কলেজ পর্যায়ে ২৫ জন শিক্ষক সম্মাননা পাবেন। এ ছাড়া সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে ২০ জন, চিকিৎসা শিক্ষায় ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও ৬ জন শিক্ষকও এই তালিকায় রয়েছেন।

প্রাথমিক পর্যায়ের ১০ জনের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন এবং মাদ্রাসার ২ জন শিক্ষক রয়েছেন। মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষা থেকে ১০ জন, কারিগরি থেকে ৫ জন এবং মাদ্রাসা থেকে ৫ জন শিক্ষক নির্বাচিত হয়েছেন। কলেজ পর্যায়ে সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার ৫ জন এবং মাদ্রাসার ৫ জন শিক্ষক সম্মাননা পাবেন।

সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২০ জনের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক রয়েছেন। চিকিৎসা শিক্ষায় ৫ জন মেডিকেল কলেজ ও ৫ জন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে সম্মাননা দেওয়া হবে।

এর আগে বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হতো। এবার সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে ১০১ জন করা হয়েছে। জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা ও অবদানের স্বীকৃতি দেওয়া এবং তাদের পেশাগত মর্যাদা তুলে ধরাই এই সম্মাননার অন্যতম উদ্দেশ্য।

গুণী শিক্ষক বাছাইয়ে বিভিন্ন শিক্ষা অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সার্চ কমিটি কাজ করেছে। এসব কমিটি যোগ্য শিক্ষকদের তালিকা তৈরি করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে পাঠায়। পরে সেখান থেকে চূড়ান্তভাবে সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের নির্বাচন করা হয়।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় অনুষ্ঠান ছাড়াও উপজেলা, জেলা এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। প্রতিবছর ৫ অক্টোবর ইউনেসকোর উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com