৫ অক্টোবর ২০২৬
preview
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, নতুন দায়িত্বে হামিদ বোভার্ড

মো. নূর নবী শেখ

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সামরিক সংঘাত ও অর্থনৈতিক চাপের মধ্যেই ইরানের জ্বালানিমন্ত্রী মহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

রোববার (৪ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিভাগের উপপ্রধান মেহদি তাবাতাবাই জানান, পাকনেজাদের পদত্যাগ গ্রহণের পর ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্ডকে ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আপাতত মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করবেন।

পাকনেজাদ ২০২৪ সালের আগস্ট থেকে ইরানের জ্বালানিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। তার পদত্যাগ এমন এক সময়ে হলো, যখন দেশটির জ্বালানি খাত মার্কিন নিষেধাজ্ঞা ও চলমান সংঘাতের কারণে বড় ধরনের চাপের মধ্যে রয়েছে।

প্রাথমিকভাবে পদত্যাগের কারণ জানানো হয়নি। তবে পরবর্তী প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পাকনেজাদ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন এবং তিনি কিছু সময় আগেই এ সিদ্ধান্তের অনুরোধ জানিয়েছিলেন।

পদত্যাগের খবর প্রকাশের আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে পাকনেজাদ বলেছিলেন, ইরানের বিক্রি করা তেলের রাজস্ব দেশে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

নতুন ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী হামিদ বোভার্ড এর আগে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন।



ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com