৫ অক্টোবর ২০২৬
preview
ছাত্রদল নেতার গায়ে ফুটন্ত পানি ঢেলে দিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী

মো. নূর নবী শেখ

চুয়াডাঙ্গায় বিএনপিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করায় জেলা ছাত্রদলের এক নেতার গায়ে ফুটন্ত পানি ঢেলে দেয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদল নেতা হাসানুজ্জামানসহ তিনজন আহত হয়েছেন। শনিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পুকুরপাড়া মোড় এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

রোববার (৪ অক্টোবর) গণমাধ্যমের কাছে এমন অভিযোগ করেন ছাত্রদল নেতা হাসানুজ্জামান।

আহতরা হলেন—শঙ্করচন্দ্র গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান (৩১), সিরাজুল ইসলাম (৪২) ও হাসান আলী (৩২)। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসানুজ্জামান অভিযোগ করে বলেন, ঘটনার সময় আমি স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলাম। সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী সুলতান বিএনপি ও স্থানীয় দলীয় নেতৃত্ব নিয়ে আপত্তিকর মন্তব্য করছিল। আমি এর প্রতিবাদ করলে সুলতান উত্তেজিত হয়ে দোকানের কেটলিতে থাকা ফুটন্ত পানি আমার শরীরে ঢেলে দেয়।

তিনি আরও বলেন, আমাকে রক্ষা করতে এগিয়ে এলে পাশে থাকা সিরাজুল ইসলাম ও হাসান আলীর শরীরেও গরম পানি পড়ে। এতে তিনজনই দগ্ধ হন।

অভিযোগের বিষয়ে জানা গেছে, সুলতান শঙ্করচন্দ্র ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে এবং স্থানীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

তবে এ বিষয়ে অভিযুক্ত সুলতানের বক্তব্য পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা বলেন, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com