মো. নূর নবী শেখ
‘সুপারস্টার বা স্টার হওয়া কঠিন, কিন্তু ভালো মানুষ হওয়া তার চেয়েও বড়’—ছোট পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা আরশ খানের মানবিক ব্যবহারে মুগ্ধ হয়ে সামাজিক মাধ্যমে এমন প্রশংসাসূচক বার্তা দিয়েছেন অভিনেত্রী রিমু রোজা খন্দকার। মধ্যরাতে শুটিং শেষে ক্লান্তি ভুলে সহশিল্পীকে নিজের গাড়িতে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়ে মন জয় করে নিয়েছেন আরশ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আরশের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে পুরো ঘটনার বর্ণনা দেন রিমু রোজা খন্দকার।
তিনি লেখেন, “আজ রাত সোয়া ১১টায় শুটিং শেষ। আমি উবার ডাকছিলাম। আরশ খেয়াল করে বলল, ‘উবার ক্যানসেল করেন, আমি বাসায় পৌঁছে দিবো (নিজের গাড়িতে এবং নিজে ড্রাইভ করে)’।”
অভিনেত্রী আরও উল্লেখ করেন, সারা দিন প্রচণ্ড গরমের মধ্যে বিশেষ গেটআপ ও দাড়ি পরে শুটিং করার কারণে আরশ নিজেও শারীরিকভাবে বেশ ক্লান্ত ছিলেন। সেই ক্লান্ত অবস্থাতেও একজন সহশিল্পীর বাড়ি ফেরার চিন্তা তাকে গভীরভাবে স্পর্শ করেছে।
আরশের এই আচরণকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে রিমু লেখেন, মানুষের আসল পরিচয় পাওয়া যায় ছোট ছোট আচরণের মাধ্যমেই। এমন ছোট ছোট কাজ মানুষের চরিত্র সম্পর্কে অনেক বড় বার্তা দেয়। আরশের মা নীলা ইসলামের কথা স্মরণ করে অভিনেত্রী আরও লেখেন, “নীলা ইসলাম আপার যোগ্য সন্তান হয়েই বড় হচ্ছে আরশ।”
সবশেষে আরশের দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করে তিনি দোয়া করেন, অভিনেতা যত বড়ই হোন না কেন, সারা জীবন যেন মাটির মানুষ হিসেবেই এমন বিনয়ী ও সহানুভূতিশীল থাকেন। সেই সঙ্গে এই সুন্দর আচরণের জন্য আরশের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com