মো. নূর নবী শেখ
চাঁদাবাজি নয়, দখলদারত্ব নয়, প্রশ্নফাঁস নয়, আমরা চাই যোগ্যতার মর্যাদা ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ। এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশ্ন রেখেছেন, পরীক্ষা দিতে প্রশ্নফাঁস করতে হবে কেন? বিএনপির লোকজন কি পড়াশোনা করে না?
শনিবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, বিএনপির লোকজন কি পড়াশোনা করে না? পরীক্ষা দিতে প্রশ্নফাঁস করতে হবে কেন? ভাই, রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড, হাটবাজার, সব দখল করে ফেললে! ব্যবসায়ীদের রুজি-রোজগারে চাঁদাবাজি, সন্ত্রাস, জায়গা-জমি দখল, এসবের পর এবার কি চাকরির বাজারটাও নষ্ট করবে?
তিনি আরও লেখেন, দেশ চালাতে হলে অন্তত চাকরির বাজারটা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখো। মেধার বদলে দলীয় পরিচয়, যোগ্যতার বদলে তদবির আর পরীক্ষার বদলে প্রশ্নফাঁস চলতে থাকলে দেশ চলবে কীভাবে?
এনসিপির এই নেতা লেখেন, এতটুকু দূরদর্শিতা না থাকলে একসময় নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনবে, নিজের লেজ নিজেই খেয়ে ফেলার মতো অবস্থা হবে!
শেষে তিনি লেখেন, আমরা চাই, সব পরীক্ষা হোক প্রশ্নফাঁসমুক্ত, নিয়োগ হোক কোটার অপব্যবহার ও দলীয়করণমুক্ত, আর চাকরি হোক মেধা ও যোগ্যতার ভিত্তিতে। চাঁদাবাজি নয়, দখলদারত্ব নয়, প্রশ্নফাঁস নয়, আমরা চাই যোগ্যতার মর্যাদা ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com