১১ অক্টোবর ২০২৬
preview
তরুণীর প্রেমের গল্প নিয়ে অস্কারে সৌদি আরব

মো. নূর নবী শেখ

অদ্ভুত প্রেম, পারিবারিক অভিশাপ আর মৃত্যুভয়কে ঘিরে নির্মিত সিনেমা ‘আ ম্যাটার অব লাইফ অ্যান্ড ডেথ’ দিয়ে অস্কারের ৯৯তম আসরে অংশ নিচ্ছে সৌদি আরব। আনাস বাতাহাফ পরিচালিত সিনেমাটি একাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য নির্বাচিত হয়েছে।

জেদ্দা শহরের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির গল্পের কেন্দ্রে রয়েছে হায়াত নামের এক স্বাধীনচেতা তরুণী। তার বিশ্বাস, পারিবারিক অভিশাপের কারণে ৩০তম জন্মদিনেই তার মৃত্যু হবে। এই আশঙ্কা নিয়ে দিন কাটানোর মধ্যেই তার জীবনে আসে ইউসুফ, একজন মেধাবী ও অন্তর্মুখী হার্ট সার্জন। নানা মানসিক ও শারীরিক জটিলতায় ভোগা ইউসুফের সঙ্গে হায়াতের গড়ে ওঠে অপ্রত্যাশিত প্রেমের সম্পর্ক।

রোমান্স, ফ্যান্টাসি ও ডার্ক কমেডির মিশেলে নির্মিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সারা তাইবাহ। তিনি এতে অভিনয়ও করেছেন। ইয়াকুব আল-ফারহানও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

নির্মাতা আনাস বাতাহাফ বলেন, ‘এটি এমন দুজন মানুষের গল্প, যারা নিজেদের অন্ধ মোহের কারণে জীবনের আসল অর্থটাই ভুলে গিয়েছিল। কিন্তু ভালোবাসা তাদের আবার ফিরিয়ে আনে এবং নতুন করে উপলব্ধি করায় যে জীবন কতটা মূল্যবান।’

২০২৫ সালের ডিসেম্বরে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হয়। পরে ১২তম সৌদি ফিল্ম ফেস্টিভ্যালে এটি বিশেষ জুরি পুরস্কার পায়। সিনেমাটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর গোল্ডেন পাম পুরস্কার জেতেন সারা তাইবাহ।

২০১৩ সাল থেকে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে সিনেমা পাঠাচ্ছে সৌদি আরব। এবার ‘আ ম্যাটার অব লাইফ অ্যান্ড ডেথ’ দিয়ে নবমবারের মতো প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশটি।

আগামী ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের কথা রয়েছে। চূড়ান্ত পাঁচটি মনোনয়ন ঘোষণা করা হবে ২১ জানুয়ারি। আগামী ১৪ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের ৯৯তম আসর।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com