home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী রংপুরে উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৭

Facebook
Twitter

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী রংপুরে উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেফতার ৪

গাইবান্ধায় অপহৃত নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে রংপুর মহানগরী থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মামলার প্রধান আসামি মো. টিপু মিয়া (২৫), মো. আলী আকবর (৫০), মো. বিপুল মিয়া (২৭) ও মো. বেলাল মিয়া (৩০)। তারা সবাই গাইবান্ধা সদর উপজেলার বারবলদিয়া (নতুন বন্দর) এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের পথে টিপু মিয়া দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি পরিবারকে জানানোর পর কিশোরীর বাবা টিপুর পরিবারের কাছে অভিযোগ করেন। তবে সমাধানের উদ্যোগ না নিয়ে তারা টিপুকে আরও উৎসাহিত করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায়, গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে স্থানীয় রুপার বাজার এলাকা থেকে কিশোরীকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার ছয় দিন পর ১৬ সেপ্টেম্বর কিশোরীর বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় অপহরণের অভিযোগে মামলা করেন। মামলাটির নম্বর ৩৫।

মামলা হওয়ার পর ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর রাত পৌনে ৩টার দিকে সিপিসি-৩, এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল বারবলদিয়া (নতুন বন্দর) গ্রামে অভিযান চালায়। এ সময় মামলার ৩, ৪ ও ৫ নম্বর আসামি আলী আকবর, বিপুল মিয়া ও বেলাল মিয়াকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল সাড়ে ৬টার দিকে রংপুর মহানগরীর কাতলা কাছনা (বোতলা পাড়া) এলাকায় মো. সুমনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। একই অভিযানে মামলার প্রধান আসামি টিপু মিয়াকেও গ্রেফতার করা হয়।

উদ্ধারের পর ভুক্তভোগী কিশোরী এবং গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।