

কিশোরগঞ্জের তাড়াইলে পূর্ববিরোধের জেরে এক পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে তাড়াইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হুমায়ুন রশিদ জুয়েল নামে এক ব্যক্তি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) তাড়াইল থানায় দায়ের করা জিডিতে তিনি অভিযোগ করেন, উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলদিয়া গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া (৪২), নিলয় মিয়া (২০) সহ কয়েকজনের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় নানা অনিয়ম ও দাপট দেখানোর অভিযোগও করেন তিনি।
জিডিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ঈদুল ফিতরের সময় হুমায়ুন রশিদ জুয়েলের বাবাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে তাড়াইল থানায় একটি মামলা করেন, যার মামলা নম্বর ৭ এবং মামলাটি বর্তমানে চলমান রয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ওই মামলাটি তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে হুমায়ুন ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে বান্দুলদিয়া গ্রামে নিজ বাড়ির সামনে কাজ করার সময় অভিযুক্তরা তার ছোট ভাই ও আবু সালেক নামে এক ব্যক্তির ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়।
হামলায় তাদের কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে অভিযুক্তরা মামলা না নেওয়ার জন্য হুমকি দেন এবং মামলা করলে পরিবারের সদস্যদের হত্যার পর লাশ গুম করার ভয় দেখান বলেও অভিযোগ করেন বাদী।
ঘটনার সময় তাড়াইল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান হুমায়ুন রশিদ জুয়েল।
এ ঘটনায় ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
তাড়াইল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।