home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দিল্লিতে তরুণকে মন্ত্রীর থাপ্পড়, পাল্টা হাত তুললেন তরুণ

মো. নূর নবী শেখ
আন্তর্জাতিক ডেস্ককলম২৪.কম

আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

Facebook
Twitter

দিল্লিতে তরুণকে মন্ত্রীর থাপ্পড়, পাল্টা হাত তুললেন তরুণ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সড়কের মান নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে চড় মারার অভিযোগ উঠেছে দিল্লির গণপূর্তমন্ত্রী পারভেশ ভার্মার বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও প্রকাশের পর দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো মন্ত্রীর গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

জানা গেছে, গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) পশ্চিম দিল্লির তিলক নগর এলাকায় নতুন নির্মিত একটি সড়ক পরিদর্শনের সময় চড় মারার ঘটনাটি ঘটে। ভাইরাল একাধিক ভিডিওতে দেখা যায়, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা পারভেশ ভার্মা এক যুবকের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেন এবং তাঁকে চড় মারেন। এ সময় ওই যুবকও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালে নিরাপত্তাকর্মীরা দুজনকে আলাদা করে দেন।

চড় খাওয়া ওই ব্যক্তির নাম সাহেব সিং। তিনি বিরোধী আম আদমি পার্টির (এএপি) দিল্লির বিধায়ক জারনাইল সিংয়ের সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক কাজে যুক্ত। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সড়কটি পরিদর্শনের জন্য জারনাইল সিংয়ের দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছিল।

সাহেব সিংয়ের দাবি, সড়কের বিভিন্ন স্থানে নির্মাণকাজের ত্রুটি ও পিচ উঠে যাওয়ার বিষয়টি তিনি মন্ত্রীর নজরে আনছিলেন। এ সময় তিনি ভিডিও ধারণও করছিলেন। তখন মন্ত্রী তাঁর ফোন কেড়ে নিয়ে তাঁকে চড় মারেন বলে অভিযোগ করেন তিনি।

সাহেব সিং আরও অভিযোগ করেন, মন্ত্রীর নিরাপত্তাকর্মীরা পরে তাঁর হাত ও ঘাড় ধরে টানাহেঁচড়া করেন। বিজেপির কয়েকজন কর্মী তাঁকে হত্যার হুমকিও দিয়েছেন বলে দাবি করেন তিনি।

ঘটনার ভিডিও প্রকাশ করে মন্ত্রীকে ‘ক্ষমতার অপব্যবহার’-এর অভিযোগে সমালোচনা করেছে আম আদমি পার্টি। পারভেশ ভার্মার গ্রেপ্তার দাবি করেছেন আম আদমির জাতীয় আহ্বায়ক ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এই ঘটনার সমালোচনা করেছেন এবং বলেছেন, এই ঘটনা এমন এক ক্ষমতার চিত্র তুলে ধরে, যারা ভোটারদের আর ভয় পায় না।

তবে পারভেশ ভার্মা অভিযোগ অস্বীকার না করে ঘটনার ব্যাখ্যায় বলেছেন, ওই ব্যক্তির পক্ষ থেকে তাঁর পরিবারকে গালিগালাজ করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, উত্তেজনার মুহূর্তে তিনি প্রতিক্রিয়া দেখিয়েছেন।

ভার্মার দাবি, বিধায়ক জারনাইল সিং তাঁর সঙ্গে কয়েকজন ‘কুখ্যাত’ ব্যক্তি নিয়ে ঘটনাস্থলে এসেছিলেন এবং সেখানে অশালীন ভাষা ব্যবহার করা হয়। তিনি আরও বলেন, সড়কটির নির্মাণকাজ ভালোভাবেই এগোচ্ছিল এবং দীর্ঘ ১৫ বছর পর স্থানীয় বাসিন্দাদের জন্য সড়কটি নির্মাণ করা হচ্ছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।