home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সংকটেও স্বস্তি রফতানি আয়ে

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদককলম২৪.কম

আপডেট: ২ অক্টোবর ২০২৬, ০৯:২৯

Facebook
Twitter

সংকটেও স্বস্তি রফতানি আয়ে

অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের নানা রকম সংকটের মধ্যেও দেশের রফতানি আয়ে স্বস্তির দেখা মিলেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের পণ্য রফতানি থেকে আয় হয়েছে ১ হাজার ৩০৯ কোটি ৪১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ১ হাজার ২৩১ কোটি ৩১ লাখ ৭০ হাজার ডলার। ফলে এক বছরের ব্যবধানে রফতানি আয় বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী সেপ্টেম্বর মাসে রফতানি আয় হয়েছে ৩৯৩ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার। গত বছরের একই মাসে আয় হয়েছিল ৩৬২ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ডলার। অর্থাৎ সেপ্টেম্বর মাসে রফতানি আয় বেড়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ।

দেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তৈরি পোশাক রফতানি থেকে আয় হয়েছে ১ হাজার ৫৭ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ডলার, যা গত বছরের একই সময়ের ৯৯৭ কোটি ৪ লাখ ২০ হাজার ডলারের চেয়ে ৬ দশমিক ১০ শতাংশ বেশি।

সেপ্টেম্বরে তৈরি পোশাক রফতানি থেকে আয় হয়েছে ৩০৮ কোটি ২৯ লাখ ৫০ হাজার ডলার। গত বছরের একই মাসে এই আয় ছিল ২৮৩ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ডলার। অর্থাৎ এ খাতে সেপ্টেম্বরে রফতানি আয় বেড়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ।

তৈরি পোশাকের মধ্যে প্রথম তিন মাসে নিট পোশাক রফতানি বেড়েছে ৬ দশমিক ৮৮ শতাংশ। এ সময়ে নিট পোশাক থেকে আয় হয়েছে ৫৯৬ কোটি ৩৭ লাখ ৬০ হাজার ডলার। একই সময়ে ওভেন পোশাক থেকে আয় হয়েছে ৪৬১ কোটি ৪৮ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১১ শতাংশ বেশি।

তৈরি পোশাকের বাইরে কয়েকটি খাতেও রফতানি ভালো করেছে। প্রথম প্রান্তিকে চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ১৪ দশমিক ৭৪ শতাংশ। পাট ও পাটজাত পণ্যে প্রবৃদ্ধি হয়েছে ৩১ দশমিক ৫৫ শতাংশ। হালকা প্রকৌশল পণ্যে রফতানি বেড়েছে ১৬ দশমিক ৫১ শতাংশ এবং গৃহসজ্জার বস্ত্রপণ্যে ১১ দশমিক ৯৪ শতাংশ।

ওষুধ রফতানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। প্রথম তিন মাসে এ খাতের রফতানি বেড়েছে ৪০ দশমিক ৩৯ শতাংশ। শুধু সেপ্টেম্বরেই ওষুধ রফতানি গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৬৪ দশমিক ৩৩ শতাংশ। তবে কৃষিপণ্য এবং হিমায়িত ও জীবন্ত মাছ রফতানিতে প্রথম প্রান্তিকে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

রফতানি বাজারের দিক থেকে যুক্তরাষ্ট্র এখনও বাংলাদেশের সবচেয়ে বড় বাজার। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশটিতে রফতানি হয়েছে ২৫৯ কোটি ১৬ লাখ ৪০ হাজার ডলারের পণ্য। গত বছরের একই সময়ে রফতানি হয়েছিল ২৩২ কোটি ৭৭ লাখ ৭০ হাজার ডলার। ফলে যুক্তরাষ্ট্রে রফতানি বেড়েছে ১১ দশমিক ৩৪ শতাংশ।

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি বাজার যুক্তরাজ্য। প্রথম তিন মাসে দেশটিতে রফতানি হয়েছে ১৩৭ কোটি ২ লাখ ডলারের পণ্য। তৃতীয় অবস্থানে থাকা জার্মানিতে রফতানি হয়েছে ১২১ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলারের পণ্য।

উদীয়মান বাজারগুলোর মধ্যে তুরস্কে রফতানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশটিতে রফতানি দ্বিগুণেরও বেশি হয়ে ২১ কোটি ৫ লাখ ৪০ হাজার ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে রফতানির পরিমাণ ছিল ১০ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার। অর্থাৎ তুরস্কে রফতানি বেড়েছে ১০০ দশমিক ১১ শতাংশ। বাংলাদেশের বড় রফতানি বাজারগুলোর মধ্যে ভারত ষষ্ঠ এবং জাপান নবম অবস্থানে রয়েছে।

ইপিবি বলেছে, প্রথম প্রান্তিকের রফতানি প্রবৃদ্ধি দেশের রফতানি খাতের সক্ষমতা ধরে রাখার বিষয়টি তুলে ধরেছে। এই প্রবৃদ্ধি অব্যাহত রাখতে রফতানি পণ্যে বৈচিত্র্য আনা, নতুন বাজারে প্রবেশ, পণ্যের মানোন্নয়ন এবং বাণিজ্য সহজীকরণের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

রফতানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধির বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি ফজলে এহসান শামীম সময়ের আলোকে বলেন, আগস্টে পুরো মাস জ্বালানি সংকটে ছিল, তারপরেও সেপ্টেম্বরের এই রফতানির প্রবৃদ্ধি নিঃসন্দেহে ইতিবাচক। বেশিরভাগ কারখানা সংকটে থাকার পরেও নিশ্চয় কেউ কেউ নিজ দক্ষতায় অতি রফতানি করার কারনেই এই প্রবৃদ্ধি হয়েছে বলে আমি মনে করি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।