home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


প্রশাসনিক দুর্বলতায় অপরাধ বাড়ছে: চরমোনাই পীর

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদককলম২৪.কম

আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৭

Facebook
Twitter

প্রশাসনিক দুর্বলতায় অপরাধ বাড়ছে: চরমোনাই পীর

দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশাসনিক দুর্বলতা এবং বিভিন্ন অনিয়ম নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি বলেন, প্রশাসনের কার্যকর তদারকি ও দায়িত্বশীলতার ঘাটতির কারণে বিভিন্ন ধরনের অপরাধ ও অনিয়মের সুযোগ সৃষ্টি হচ্ছে, যা জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।

সোমবার (২৮ সেপ্টেম্বর ) সকালে বরিশালের চরমোনাই মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা ও সিটি ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং বরিশাল বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এ সম্মেলনে বিভাগের বিভিন্ন উপজেলা ও সিটি ওয়ার্ডের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে রাষ্ট্র পরিচালনায় ন্যায়বিচার, সুশাসন, জবাবদিহিতা ও নৈতিকতার চর্চা জরুরি। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, জনগণের অধিকার ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে প্রশাসনকে আরও সক্রিয়, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল আচরণ করতে হবে।

সম্মেলনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের আহ্বান জানান। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি, দায়িত্বশীল নেতৃত্ব তৈরি এবং সাংগঠনিক কার্যক্রম বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের প্রধান আলোচক ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সংগঠনের ভবিষ্যৎ লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা এবং দক্ষ ও আদর্শিক নেতৃত্ব গড়ে তোলা। তিনি বলেন, জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের এবং কেন্দ্রীয় সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা ও সিটি ওয়ার্ড থেকে আগত প্রতিনিধিদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।




অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।