home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সরকার ও প্রশাসনের একটি অংশ আ.লীগকে ফেরাতে ইন্ধন দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪৮

Facebook
Twitter

সরকার ও প্রশাসনের একটি অংশ আ.লীগকে ফেরাতে ইন্ধন দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

সরকারের ভেতরে থাকা একটি অংশ ও প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের একটি চক্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবার রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরানোর জন্য ইন্ধন দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহে সাংগঠনিক সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল এ কথা বলেন।

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, ‘সরকারি দলের মন্ত্রী ও নেতারা বলছেন আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী সহায়তা করছে। কিন্তু আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, এ বিষয়ে তাদের প্রমাণ দিতে হবে। সরকারের ভেতরের একটি অংশ ও প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা আওয়ামী লীগকে দেশে আনার ইন্ধন দিয়ে যাচ্ছে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসন সক্রিয় থাকা অবস্থায় কীভাবে একই সময়ে বিভিন্ন জেলায় নিষিদ্ধঘোষিত একটি দলের নেতা–কর্মীরা মিছিল করার সুযোগ পেলেন, সেটি তদন্তের বিষয়।’

তিনি দাবি করেন, ‘আওয়ামী লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতা–কর্মীদের গ্রেপ্তার ও আসামি করা হচ্ছে।’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করে যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন এবং ভারত থেকে যে সমর্থন পাচ্ছেন, সেটিই বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়ার মাধ্যমে দিল্লি বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ করছে না।’

ভর্তুকি ও লোকসানের যুক্তি দিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধির সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, তিনি বলেন, ‘রাষ্ট্র কি মুদিদোকান যে লাভ–লোকসানের হিসাব করবে? রাষ্ট্র জনগণের সেবামূলক সাংবিধানিক প্রতিষ্ঠান। জনগণের খাজনা ও ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রের রাজস্ব আসে।’

তিনি আরও বলেন, ‘ভর্তুকি দিতে হলে দেবেন। তাই বলে ছয় মাসের মধ্যে তিনবার মানুষের দ্রব্যমূল্য বাড়াবেন? এটা হতে পারে না। জ্বালানি তেলের দাম বাড়লে উৎপাদন, পরিবহন, বিপণন, কৃষি, সেচসহ মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব পড়ে।’



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।