_copy7.webp)
_copy1.webp&w=2048&q=75)
ঢাকায় নগর বাউল জেমস-এর সঙ্গে একই মঞ্চে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ড। গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের এই সংগীতশিল্পীদের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
আয়োজকেরা জানিয়েছেন, ২৫ সেপ্টেম্বর রাজধানীর ৩০০ ফুটসংলগ্ন পূর্বাচলের আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে বসবে কনসার্টটি। মূল অনুষ্ঠান শুরু হবে বেলা ২টায়। চলতি সপ্তাহ থেকেই টিকিফাইয়ের ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।
জেমস, আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের পাশাপাশি বাংলাদেশের লেভেল ফাইভ ও নেমেসিসকেও অনুষ্ঠানে রাখার বিষয়ে আলোচনা চলছে। লাইনআপ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে তা জানাবে আয়োজকেরা।
এর আগে গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি ও নিরাপত্তাসংক্রান্ত জটিলতায় শেষ পর্যন্ত তিনটি আয়োজনই বাতিল হয়।
জুনুন ব্যান্ডের সঙ্গে এর আগে দুবার বাংলাদেশে গান গেয়েছেন আলী আজমত। তবে একক শিল্পী হিসেবে এবারই প্রথম ঢাকায় কনসার্ট করার কথা তার। গত বছরের মে ও নভেম্বরে তার কনসার্ট হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দুটিই বাতিল হয়। এর মধ্যে নভেম্বরের আয়োজনের জন্য তিনি ঢাকায় এসেও ফিরে যেতে বাধ্য হন।
মুস্তাফা জাহিদের ক্ষেত্রেও ঘটেছিল একই ধরনের ঘটনা। গত বছরের এপ্রিলে ঢাকায় এসে কনসার্ট না করেই ফিরে যেতে হয় তাকে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।
জাল ব্যান্ডের কনসার্টও স্থগিত হয়েছিল গত বছরের ৮ নভেম্বর। ঢাকার ৩০০ ফুট এলাকার স্বদেশ অ্যারেনায় আয়োজনের এক দিন আগে নিরাপত্তার কারণ দেখিয়ে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
বাংলাদেশে জালের আগের সফরেও অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা হয়েছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টে অংশ নিতে ঢাকায় এসে প্রথম দিন বৃষ্টির কারণে অনুষ্ঠান স্থগিত হয়। পরদিন যমুনা ফিউচার পার্কে কনসার্ট শুরু হলেও দর্শকদের একাংশের বিশৃঙ্খলার কারণে মাঝপথে তা বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে প্রায় দেড় ঘণ্টা পর আবার অনুষ্ঠান শুরু করা হয়।
অন্যদিকে, প্রায় দুই মাসের ইউরোপ সফর শেষে ১২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে কনসার্ট করেছেন জেমস। ১৯ সেপ্টেম্বর মেলবোর্নেও জেমসের কনসার্ট করার কথা রয়েছে।
দীর্ঘ অপেক্ষার পর এবার আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডকে জেমসের সঙ্গে একই মঞ্চে দেখার সুযোগ তৈরি হওয়ায় কনসার্টটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
শোবিজ নিয়ে আরও পড়ুন
_copy1.webp&w=2048&q=75)
_copy1.webp&w=2048&q=75)
_copy1.webp&w=2048&q=75)
_copy1.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।