home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ৮ অক্টোবর ২০২৬, ১৫:১৮

Facebook
Twitter

‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য

আধুনিক সময়ে প্রেমের সম্পর্কের ধরন বদলে গেছে। ডেটিং অ্যাপের কারণে পছন্দের মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু সেই সঙ্গে বেড়েছে বিভ্রান্তিও।

অভিনেত্রী ঐশ্বর্য লক্ষ্মীর মতে, এখন মনের মতো মানুষ খুঁজে পাওয়া আগের চেয়ে আরো কঠিন হয়ে উঠেছে।

সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেম, ডেটিং অ্যাপ ও আধুনিক সম্পর্ক নিয়ে নিজের ভাবনা জানান অভিনেত্রী। তার মতে, মানুষের সামনে এখন অনেক বেশি বিকল্প থাকলেও সঠিক মানুষটিকে বেছে নেওয়ার বিষয়টি সহজ হয়নি।

ঐশ্বর্য বলেন, ডেটিং অ্যাপে অসংখ্য বিকল্প থাকায় অনেক সময় মানুষ বুঝে উঠতে পারেন না কোন পথে এগোবেন।

শেষ পর্যন্ত প্রত্যেকেই এমন একজন মানুষকে খোঁজেন, যাকে নিজের মানুষ বলে মনে হবে। আর সেই খোঁজটাই এখন আগের চেয়ে বেশি বিভ্রান্তিকর হয়ে উঠেছে।

আধুনিক সম্পর্কের নানা নতুন শব্দ নিয়েও মজা করেন অভিনেত্রী। ‘সিচুয়েশনশিপ’, ‘ন্যানোশিপ’সহ সম্পর্কের নানা নতুন সংজ্ঞা নিয়ে তার মন্তব্য, প্রেমের বিষয়টি এখন অনেক বেশি জটিল হয়ে গেছে।

এমনকি ‘বিঞ্জিং’ শব্দটিও সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করা হয় জেনে তিনি অবাক হয়েছেন বলে জানান।

তবে সময়ের সঙ্গে প্রেম সম্পর্কে নিজের ধারণাও বদলেছে ঐশ্বর্যর। তার কাছে এখন প্রেম মানে স্বস্তি, নিরাপত্তা এবং অন্য একজন মানুষের সামনে নিজের মতো করে থাকতে পারা।

অভিনেত্রী বলেন, সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি সবার আগে ‘কম্প্যাটিবিলিটি’ বা মানসিক সামঞ্জস্যকে গুরুত্ব দেন। প্রথম কথোপকথন থেকেই এমন একটি স্বস্তি থাকা দরকার, যেখানে নিজের কথা নির্ভয়ে বলা যায় এবং অন্যজন সেটিকে বিচার না করে গ্রহণ করেন।

ঐশ্বর্যর কাছে সম্পর্কের মধ্যে বন্ধুত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, স্বামী-স্ত্রীর আগে দুজনের ভালো বন্ধু হওয়া জরুরি। আশপাশের এমন অনেক দম্পতিকে তিনি দেখেছেন, যাদের সম্পর্কের ভিত্তি বন্ধুত্ব এবং সেই কারণেই তাদের দাম্পত্যও ভালো চলছে।

প্রেমের ক্ষেত্রে নিজের পছন্দের কথাও জানান অভিনেত্রী। পর্দায় তিনি অনেক সময় তীব্র ও আবেগঘন প্রেমের গল্পে অভিনয় করলেও বাস্তব জীবনে এমন সম্পর্ক তার পছন্দ নয়।

নিজের অভিনীত ‘মায়ানাদি’ ছবির কথা উল্লেখ করে ঐশ্বর্য জানান, ছবিটি একজন অভিনেতা হিসেবে তার ভাবনাকে অনেকটাই প্রভাবিত করেছে। বাস্তব আবেগনির্ভর প্রেমের গল্পে কাজ করতে তিনি এখনও আগ্রহী। তবে ব্যক্তিগতভাবে তিনি সহজ, স্বস্তিদায়ক ও সুখী প্রেমের গল্পই পছন্দ করেন।

ঐশ্বর্যর ভাষায়, তীব্র ও কষ্টভরা প্রেমের গল্প পর্দায় যতই স্মরণীয় হোক, ব্যক্তিগত জীবনে তিনি এমন সম্পর্ক থেকে অনেকটাই দূরে থাকতে চান। তার পছন্দের প্রেমের গল্পের শেষটা বরং হোক সুখের।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।