home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আরিফিন শুভ-কেয়া পায়েলের ‘হ্যাপিলি ম্যারিড’ ৮ অক্টোবর

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৬ অক্টোবর ২০২৬, ১৬:৩৭

Facebook
Twitter

আরিফিন শুভ-কেয়া পায়েলের ‘হ্যাপিলি ম্যারিড’ ৮ অক্টোবর

৮ অক্টোবর (বৃহস্পতিবার) চরকিতে মুক্তি পেতে যাচ্ছে চরকি অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। এ উপলক্ষে গতকাল ৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার শো। রম–কম, ড্রামা ঘরানার সিনেমা হওয়ায় বিভিন্ন দৃশ্যে দর্শকরা যেমন হেসে উঠেছেন, তেমন হয়েছেন আবেগী।

এদিকে বছর দেড়েক হলো বিয়ে করেছেন ‘হ্যাপিলি ম্যারিড’-এর গল্প, চিত্রনাট্য, সংলাপ রচয়িতা ও নির্মাতা জাহিদ প্রীতম। তবে কি বিয়ের পরের অধ্যায়ের ভভিজ্ঞতা থেকে এ নির্মাণ? জানালেন, বিয়ের পর ধীরে ধীরে বুঝতে পারছেন সম্পর্কের নানা স্তর। প্রেমের সময়ের সেই ৪–৫ ঘণ্টার যোগাযোগ, ২৪ ঘণ্টা এক সঙ্গে থাকায় পরিণত হওয়ায় জীবনে কী কী পরিবর্তন আসে, তিনি তা ভালোভাবেই বুঝতে পারছেন। জাহিদ প্রীতম বলেন, ‘আমার বন্ধুরা বলেছিল বিয়ের পর বুঝবি, তখন আর প্রেমের গল্প বলতে ইচ্ছা করবে না। কিন্তু আমার সেটা হয়নি বরং আরও স্নিগ্ধ হয়েছে। আমি বাস্তবতার সঙ্গে ডিল করা শিখছি।’ হয়তো বাস্তব জীবনের ধারণা থেকেই সিনেমার গল্প বুনন।

গল্প লেখার শুরু সময়টা জানাতে গিয়ে জাহিদ প্রীতম বলেন, ‘আমাকে বলা হয়েছিল দর্শককে হাসতে হাসতে একটা গল্প বলতে হবে। যেখানে সম্পর্কের গল্প উঠে আসবে। সেখান থেকেই এই গল্পের শুরু। আমিও চেষ্টা করেছি গল্পে ক্রিটিক্যাল কিছু না করতে। বিবাহিত জীবনে একে অপরের সঙ্গে বোঝাপড়া থাকাটাই আসলে হ্যাপি থাকা। ছোট ছোট সন্দেহ, ছোট ছোট সিদ্ধান্ত আমাদের আলাদা করে দেয়। তাই সেটা না করে ভালোবাসার মানুষের যত্ন নিন, তাকে প্রতিদিন ভালোবাসুন।’

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, ‘অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে আমার এর আগে কাজ হলেও আরিফিন শুভ ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ এটা। কিন্তু তিনি খুবই সাপোর্টিভ। শুভ ভাই শুটিংয়ের সময় সেটে ফোন আনেন না, মনিটর দেখেন না। সেটে ব্রেক টাইমে নিজের মতো থাকেন, গান শোনেন, বই পড়েন। অন্যদিকে কেয়া পায়েল সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ এবং অনামিকা চরিত্রটিও এমন। তাই আমার কাছে মনে হয়েছে সিনেমার এই দুটি চরিত্রের জন্য খুবই ভালো কাস্টিং হয়েছে।’

দেশের ওটিটিতে অনেকদিন পর আসছে আরিফিন শুভ অভিনীত কোনো কনটেন্ট। যদিও চিত্রনায়কের কাছে প্রতিটি কাজই তার ‘কামব্যাক’ এবং প্রতিটি কাজই তার কাছে নতুন নতুন চ্যালেঞ্জ। আরিফিন শুভকে পর্দায় আরও বেশি দেখতে চান দর্শকরা, কিন্তু সেই আশা পুরণ হচ্ছে না। শেষে সবাইকে ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমা দেখার আমন্ত্রণ জানান চিত্রনায়ক।

‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমার মাধ্যমে কেয়া পায়েল প্রথমবার কাজ করলেন ওটিটি প্ল্যাটফর্মে। এটাকে ভালো সুযোগ বলেই মনে করছেন তিনি। অভিনেত্রী জানান, তার জন্য এটা খুবই ভালো একটা কাজ, কারণ গল্পটাও সুন্দর, এর পরিচালক জাহিদ প্রীতম, সহশিল্পী আরিফিন শুভ এবং এর সঙ্গে চরকি–ছবিয়াল যুক্ত আছে। এমন কাজের সঙ্গে যে কেউই যুক্ত হতে চাইবে।

চরকির সিইও রেদওয়ান রনি জানান, এটা এই সময়ে বলার মতো একটা গল্প। মানুষ তার চারপাশ নিয়ে এত চিন্তিত থাকে যে, সময়টা বা জীবনটা উপভোগ করতে ভুলে যায়। এই কনটেন্টটা কিছুটা হলেও দর্শককে নিজের মতো করে সময় কাটানোর সুযোগ করে দেবে। সিনেমাটির সহ প্রযোজক ছবিয়াল। এর পক্ষ থেকে প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বলেন, ’প্রিমিয়ার শোয়ে দর্শকদের যে প্রতিক্রিয়া পেয়েছি, তাতে মনে হচ্ছে এটা অন্যদেরও ভালো লাগবে এবং নিজেদের অনুভূতির সঙ্গে মিলিয়ে নিতে পারবেন।’

‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ করলেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। অন্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, তুষার খান, দীপা খন্দকার, ক্রিস্টিয়ানো তন্ময়, উম্মে জামিলাতুন নাঈমা, পারভেজ সুমন, টুইংক ক্যারল। এটি মিনিস্ট্রি অফ লাভ (এমওএল) প্রজেক্টের ৭ম সিনেমা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।