home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দুই পর্বেই বাজিমাত করল ‘ফিরে আসার গল্প’

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৯ অক্টোবর ২০২৬, ১৭:০১

Facebook
Twitter

দুই পর্বেই বাজিমাত করল ‘ফিরে আসার গল্প’

পরিবারের গল্পে দর্শককে ফেরানোর যে সাফল্য দেখিয়েছিল ‘এটা আমাদেরই গল্প’, সেই ধারাবাহিকতার রেশ এবার নতুন আয়োজনেও ধরে রাখার ইঙ্গিত দিচ্ছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’। পারিবারিক সম্পর্ক, আবেগ আর চেনা জীবনের গল্প নিয়ে শুরু হওয়া নতুন এই ধারাবাহিকের প্রথম দুই পর্বই ইউটিউবে দর্শকের নজর কেড়েছে। গত ৭ অক্টোবর প্রথম পর্ব প্রকাশের পর দ্বিতীয় পর্বেও মিলেছে ইতিবাচক সাড়া।

একসময় টেলিভিশন নাটকে পরিবারকেন্দ্রিক গল্পের যে জনপ্রিয়তা ছিল, ‘এটা আমাদেরই গল্প’ সেই আবহ নতুন করে ফিরিয়ে এনেছিল। ধারাবাহিকটি শেষ হওয়ার পর নির্মাতা রাজের পরবর্তী কাজ নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়। সেই প্রত্যাশার জায়গা থেকেই ‘ফিরে আসার গল্প’ ঘিরে তৈরি হয়েছিল কৌতূহল। নতুন ধারাবাহিকটির প্রথম দুই পর্ব প্রকাশের পর দর্শকের মন্তব্যেও উঠে এসেছে সেই অপেক্ষা ও উচ্ছ্বাস।

ইউটিউবের মন্তব্যের ঘরে একজন দর্শক লিখেছেন, ‘“এটা আমাদেরই গল্প” নাটকের ভক্তরা কে কে “ফিরে আসার গল্প” নাটকের অপেক্ষায় ছিলেন।’ আরেকজনের মন্তব্য, ‘অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো...আমরা খুব আনন্দিত। যারা এই নাটকের অভিনেতা যুক্ত আছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।’ এ ধরনের মন্তব্যের পাশাপাশি ধারাবাহিকটির গল্প ও অভিনয় নিয়ে প্রশংসা করেছেন আরও অনেকে।

‘ফিরে আসার গল্প’-এ অভিনয় করছেন তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসার। তাঁদের সঙ্গে রয়েছেন এজাজুল ইসলাম, ফয়জুল ইয়ামিন ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে। তবে ধারাবাহিকটির অন্যতম আকর্ষণ দুই বরেণ্য অভিনেতা জাহিদ হাসান ও শহিদুজ্জামান সেলিমের একসঙ্গে উপস্থিতি। দুই জনপ্রিয় অভিনয়শিল্পীকে একই ধারাবাহিকে হাজির করে দর্শকের আগ্রহে নতুন মাত্রা যোগ করেছেন নির্মাতা।

প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে ধারাবাহিকটি। জানা গেছে, ‘ফিরে আসার গল্প’ নির্মিত হচ্ছে মোট ৫২ পর্বে। প্রথম লটে এর ১০ পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত মোট ১৮ পর্বের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।

শুধু গল্প ও অভিনয় নয়, ধারাবাহিকটির আবহ তৈরিতেও গুরুত্ব দিয়েছেন নির্মাতা। এ জন্য তৈরি করা হয়েছে তিনটি গান। এর মধ্যে রয়েছে দুটি দ্বৈত গান এবং একটি গানের দুটি সংস্করণ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যানসি, আরফিন রুমি, ইমরান মাহমুদুল, দোলা রহমান, সজীব দাস ও পুলক অধিকারী।

‘ওরে প্রিয়া রে’ শিরোনামের টাইটেল গানটির কথা লিখেছেন কবির বকুল। গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও ইমরান মাহমুদুল। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। অন্যদিকে ‘ফিরে আসার গল্প’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি। তাঁরই সুর ও সংগীত পরিচালনায় তৈরি হয়েছে গানটি। এর বিকল্প সংস্করণে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।

এ ছাড়া ‘প্রেমের কারিগর’ শিরোনামের গানটির কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর। গানটির সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন সজীব দাস। তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন পুলক অধিকারী।

প্রথম দুই পর্বে পাওয়া দর্শকসাড়া ধারাবাহিকটির জন্য আশাব্যঞ্জক সূচনা। এখন দেখার বিষয়, পরবর্তী পর্বগুলোতে গল্পের গতি, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন ও অভিনয়ের সমন্বয়ে দর্শকের এই আগ্রহ কতটা ধরে রাখতে পারে ‘ফিরে আসার গল্প’।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।